রাজ্যে বহুতল ভবন নির্মাণের জোর কদমে কাজ চলছে। শহর থেকে গ্রাম—প্রতিটি অঞ্চলে গড়ে উঠছে নতুন নতুন নির্মাণ প্রকল্প। এই কর্মযজ্ঞে রাজ্যের নিজস্ব শ্রমিকদের পাশাপাশি বাইরের রাজ্য থেকেও বিপুল সংখ্যক শ্রমিক কাজে নিয়োজিত হচ্ছেন। তবে নির্মাণ কর্মস্থলে নিরাপত্তার অভাব, অসাবধানতা এবং শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের ঘাটতির কারণে বিগত কয়েক বছরে একাধিক নির্মাণ শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। দুঃখজনক হলেও সত্য, এই মৃত্যুগুলির পর শ্রমিক পরিবারগুলি আইন অনুযায়ী যে আর্থিক সহায়তা ও সুরক্ষার কথা বলা হয়েছে, তার অধিকাংশই তারা পাননি।
ভারতীয় সংবিধান অনুযায়ী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রম আইন অনুযায়ী, নির্মাণ শ্রমিকদের জন্য রয়েছে একাধিক সুরক্ষা ও সুবিধার বিধান। এর মধ্যে উল্লেখযোগ্য হল: The Building and Other Construction Workers (Regulation of Employment and Conditions of Service) Act, 1996 (BOCW Act)। এই আইনের আওতায়, প্রত্যেক নির্মাণ সংস্থাকে তাদের নির্মাণ কাজের জন্য নিযুক্ত শ্রমিকদের নাম স্থানীয় শ্রম দফতরে নথিভুক্ত করতে হয় এবং একটি নির্ধারিত সেস (Cess) জমা দিতে হয়। এই সেস-এর অর্থে গঠিত হয় Construction Workers Welfare Board, যা শ্রমিকদের বীমা, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও মৃত্যুজনিত আর্থিক সহায়তা প্রদান করে।
এছাড়াও, Employees' Compensation Act, 1923 অনুযায়ী কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে মৃত শ্রমিকের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে। ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করে মৃত ব্যক্তির বয়স ও বেতনের উপর। অনেক ক্ষেত্রেই ইএসআইসি (ESIC)-এর আওতায় থাকা শ্রমিকদের পরিবার পায় চিকিৎসা, বীমা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সহায়তা।
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আইনের অস্তিত্ব থাকলেও তার সঠিক প্রয়োগ না থাকায় অধিকাংশ নির্মাণ শ্রমিক আইনগত সুবিধা থেকে বঞ্চিত থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঠিকাদার সংস্থাগুলি শ্রমিকদের নথিভুক্ত করে না, ফলে তারা সরকারি কোনও সহায়তা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না। মৃত্যু বা দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রেই সংস্থাগুলি পরিবারের উপর চাপ সৃষ্টি করে "সামাজিক সহানুভূতির" নামে কিছু টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে চায়।
এই অবস্থায় ঠিকাদার বা নির্মাণ সংস্থার বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেমন: ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারা (অসতর্কতাজনিত মৃত্যু) অনুযায়ী FIR দায়ের করা যেতে পারে। শ্রমিকের মৃত্যু হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে BOCW আইনের লঙ্ঘনের অভিযোগ আনা যায়। এছাড়াও, ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট Compensation Claim Tribunal-এ আবেদন করা যায়। প্রয়োজনে মানবাধিকার কমিশনেও অভিযোগ জানানো যেতে পারে।
এই সংকটের সমাধানে সরকারের আরও সক্রিয় ভূমিকা গ্রহণ একান্ত জরুরি। প্রতিটি নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে স্থানীয় শ্রম দফতরের নিবন্ধন, শ্রমিকদের নাম তালিকাভুক্ত করা এবং সুরক্ষা সরঞ্জামের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, সংগঠনের মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের তদারকি জোরদার করা সময়ের দাবি।
উপসংহারে বলা যায়, শ্রমিকরা উন্নয়নের মূলে, অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। নির্মাণক্ষেত্রে মৃত্যু শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক ক্ষতি নয়, এটি একটি বড় সামাজিক ব্যর্থতা। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা না করলে উন্নয়নের ভিত্তি কখনোই স্থায়ী হবে না। তাই এখনই প্রয়োজন আইন প্রয়োগের বাস্তব রূপায়ণ ও শ্রমিকদের প্রতি মানবিক দায়বদ্ধতার জবাবদিহিতা নিশ্চিত করা।
স্টাফ রিপোর্টার।।বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বড় মাপের কনসার্ট, কর্পোরেট ইভেন্ট বা মেগা শোতে অংশ নিতে সাধারণত ৬০ লাখ থেকে ৮৫ লাখ টাকার মধ্যে ফি দাবি করেন এই জনপ্রিয় গায়ক। তবে অনুষ্ঠানের ধরণ, স্থান, সময় এবং দর্শকসংখ্যা অনুসারে তার পারিশ্রমিকে কিছুটা ওঠানামা দেখা যায়। ছোট বা মাঝারি আকারের ইভেন্টে জুবিন নটিয়ালের ফি তুলনামূলকভাবে কম হতে পারে, যা প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার মধ্যে সীমিত থাকে। গান পরিবেশনার পাশাপাশি তার যাতায়াত, থাকার ব্যবস্থা, ব্যাকিং ব্যান্ড ও মিউজিক সেটআপের অতিরিক্ত খরচও আয়োজকদের বহন করতে হয়। সাম্প্রতিক সময়ে জুবিন নটিয়াল দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সফল লাইভ শো করেছেন, ফলে তার চাহিদাও দিনদিন বাড়ছে। আয়োজকদের মতে, জনপ্রিয়তা ও দর্শক টানার সক্ষমতার কারণে বড় কোনো অনুষ্ঠান পরিকল্পনা করলে জুবিন নটিয়াল এখন অন্যতম পছন্দের শিল্পী।
রাজ্যের রাজধানী আগরতলা শহরে দেহ ব্যবসা ও মাদক সেবন–পাচারের মতো সামাজিক অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রকাশ্যেই এই ধরনের অবৈধ কার্যকলাপ চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশের চোখের সামনে দিনের পর দিন এসব চললেও দৃশ্যমান কঠোর পদক্ষেপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পূর্ব থানার আশপাশে কয়েকটি হোটেলে দুপুর থেকে বিকেল পর্যন্ত যুবতীদের মাদক সেবনের ঘটনা নিয়মিত ঘটছে বলে স্থানীয়দের দাবি। মঠ চৌমুহনী ট্রাফিক পয়েন্ট সংলগ্ন একটি হোটেলে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এসব ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের একাংশও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। একই সঙ্গে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় ইয়াবা ও ব্রাউন সুগারের মতো মাদক প্রকাশ্যে বিক্রির কথাও জানাচ্ছেন বাসিন্দারা। আইজিএম হাসপাতালের আশপাশ, বটতলা ব্রিজ, নাগেরজলা বাজারের মুখ—এই সব জায়গায় মাদক লেনদেনের অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বেড়েছে বলে দাবি স্থানীয়দের। বটতলা ফ্লাইওভারের কাছাকাছি কয়েকটি হোটেল, মিলন চক্র এলাকার একটি স্পা সেন্টার, কৃষ্ণনগর ও জয়নগরের কিছু বিউটি পার্লার—এসব জায়গায় দেহ ব্যবসার বিস্তার ঘটছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নাবালিকাদেরও এই চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন বহুতল শপিংমল ও আবাসিক এলাকায় অনলাইনের মাধ্যমে খদ্দের জোগাড় করে এই ব্যবসা চালানোর অভিযোগও সামনে এসেছে। ত্রিপুরা ও কলকাতার কিছু চক্র নেটওয়ার্ক তৈরি করে মেয়েদের বিভিন্ন হোটেল ও বাড়িতে পাঠাচ্ছে বলে দাবি। একই সঙ্গে কিছু ক্ষেত্রে পুরুষ সঙ্গী ভাড়ার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। ফলে সামাজিক অবক্ষয়ের এক নতুন চিত্র ফুটে উঠছে আগরতলায়। উল্লেখযোগ্যভাবে, অতীতে পুলিশ প্রশাসনের কিছু উদ্যোগে এই ধরনের অবৈধ কার্যকলাপে সাময়িক লাগাম পড়েছিল। কৃষ্ণনগর এলাকার কয়েকটি স্পা ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে একসময় একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন পুলিশ আধিকারিকদের নেতৃত্বে উদ্ধার হয়েছিল ব্রাউন সুগারের প্যাকেট, নেশার সিরিঞ্জসহ নানা সামগ্রী। সেই সময় কঠোর পদক্ষেপের ফলে কিছু এলাকায় এই ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন স্থানীয়রা। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকতা বজায় নেই বলে অভিযোগ উঠছে। নাগরিকদের প্রশ্ন—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কি কমে গেছে? নাকি অন্য কোনও কারণে এই চক্রগুলি আবার মাথাচাড়া দিয়ে উঠছে? শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী–যুবতী অর্থের প্রলোভনে এই কাজে জড়িয়ে পড়ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। দ্রুত অর্থ উপার্জনের মোহ ও অপরাধচক্রের প্রভাব মিলিয়ে বহু পরিবার ভাঙনের মুখে পড়ছে। শুধু আগরতলা নয়, বিশালগড়, সোনামুড়া, রানীরবাজার, জিরানিয়া, বক্সনগরসহ বিভিন্ন এলাকা থেকেও মেয়েদের এনে এই চক্রে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে সংগঠিত একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে, যারা দেহ ব্যবসার পাশাপাশি মাদক পাচারের সঙ্গেও যুক্ত—এমন আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে শহরবাসীর সরল প্রশ্ন—“এসব দেখবে কে?” পুলিশ কি কেবল অভিযোগ শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কঠোর অভিযান চালিয়ে অপরাধচক্র ভেঙে দেবে? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের সক্রিয়তা ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় বলেই মনে করছেন সচেতন নাগরিকরা। সমাজের নৈতিক অবক্ষয়, তরুণ প্রজন্মের বিপথগামিতা এবং মাদকাসক্তির বাড়বাড়ন্ত—সব মিলিয়ে আগরতলার সামনে বড় সামাজিক সংকট তৈরি হয়েছে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত ও কতটা দৃঢ়তার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে।
রাজ্যে ফের সামনে এল কোটি কোটি টাকার প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। বিনিয়োগের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আমবাসার দুই মহিলা— সঞ্জনা দেববর্মা ও নন্দ রানী দেববর্মার বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজধানীর NCC থানায় একাধিক ক্ষতিগ্রস্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, প্রথমদিকে মোটা সুদের প্রলোভন দেখিয়ে নিয়মিত কিছু টাকা ফেরত দিলেও পরে আচমকাই মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্তরা। ক্ষতিগ্রস্তদের দাবি, কমপক্ষে কুড়ি প্রশাসনের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকার প্রতারণা করেছে অভিযুক্তরা। তবে সূত্র জানাচ্ছে হাতিয়ার নেওয়ার টাকার অংকের পরিমান বাস্তবে আরও অনেক বেশি হতে পারে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে আরও বহু অভিযোগ। ফলে প্রশ্ন উঠছে— এই বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পেছনে শুধুই কি দুই মহিলা, নাকি রয়েছে আরও বড় কোনও চক্র? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে এনসিসি থানার তদন্তকারী পুলিশের ভূমিকায় ক্ষতিগ্রস্তরা উদ্বেগ তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। তারা অভিযোগ করেছেন ওই দুই মহিলাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এক্ষেত্রে পুলিশ দায়সারা একটা মনোভাব বজায় রেখেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, অভিযুক্ত নন্দ রানী দেববর্মার স্বামী পীযুষ দেববর্মা ত্রিপুরা পুলিশের কর্মরত কনস্টেবল। যে পরিবারের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হওয়ার কথা, সেই পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর প্রতারণার অভিযোগ উঠায় বিস্ময় ও ক্ষোভ ছড়িয়েছে জনমনে। এই ঘটনা আবারও প্রমাণ করল, রাজ্যে নানা কৌশলে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ লুটে নেওয়ার প্রবণতা বাড়ছে। তাই শুধু অভিযোগ গ্রহণ করেই দায়িত্ব শেষ নয়, প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন— এখন এটাই চাইছে সাধারণ মানুষ।
স্টাফ রিপোর্টার।। রাজধানীর পটুনগর এলাকার বাসিন্দা সুস্মিতা সাহা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক, মানসিক নির্যাতন থেকে শুরু করে হত্যাচেষ্টা ও মানহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ২০২৩ সালের ১০ ডিসেম্বর উদয়পুরের মাতা বাড়িতে কালিবাজার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সুমন বর্মন (যিনি পেশায় বন্ধন ব্যাংকের কর্মচারী )সঙ্গে তার বিয়ে হয়। তার পর থেকেই তিনি নিয়মিত স্বামী, শাশুড়ি প্রতিমা বর্মন এবং দেওর সায়ন বর্মনের অত্যাচারের শিকার হন। শারীরিক-মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে গর্ভপাতেও বাধ্য করা হয়। বলেন, মাত্র তিন–চার মাসের গর্ভাবস্থায় তাকে জোর করে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে দেওয়া হয়। অত্যাচারের জেরে তিনি লেফুঙ্গা থানায় এফআইআর দায়ের করেন এবং বাপের বাড়ি ফিরে আসেন। দীর্ঘ কয়েক মাস স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও পরে কাকড়াবন তার মামার বাড়িতে দু’পক্ষের মধ্যে আপাত সমঝোতা হয়। অভিযোগ, এরপর স্বামী তাকে ঘর ভাড়া নিয়ে আলাদাভাবে থাকার কথা বলে। কিন্তু গত ৩০ নভেম্বর ২০২৫ রাতেই পরিস্থিতি আবার বদলে যায়। সুস্মিতার অভিযোগ, সেদিন স্বামী সুমন তাকে বাইকে তুলে নিয়ে যায় এবং উদয়পুর বেলতলীতে তার বোনের বাড়ির সামনে একটি নীরব স্থানে বাইক থেকে লাথি মেরে ফেলে দেয়। সেখানে তার কানে, হাতে ও শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয় এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়। উল্লেখ্য এই জায়গায় অভিযুক্ত স্বামী সহ তার বড় বোন পারুলি দাস বর্মন জড়িত ছিল। সেখানে উপস্থিত ছিল স্বামীর ভাই সায়ন বর্মন। সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্ল্যান সাজিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। রক্তাক্ত অবস্থায় টেপানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি পর নির্যাতিতা সুস্মিতার তরফে সোমা রানী সাহা আর কে পুর মহিলা থানায় মামলা দায়ের করেন। তবে অভিযোগ ঘটনার পর থেকে থানায় উপস্থিত হলেও, পুলিশ কয়দিন ধরে জমাকৃত অভিযোগের রিসিভ কপি দিতে টালবাহানা করে, পরে সংবাদমাধ্যমের কর্মীদের সামনে বিষয়টি তুলে ধরায় গোমতী পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের নজরে আসে বিষয়টি এবং এরপরই তিনি জমাকৃত অভিযোগ পত্রের রিসিভ কপি পান। এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি বলেছেন এমন একটা ভয়ংকর নির্যাতন কান্ডে যদি অভিযুক্তরা ছাড়া পায় তাহলে আইনশৃঙ্খলা বাস্তবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে উপযুক্ত পদক্ষেপ যথাসময়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন সেখানে প্রথম থেকেই এই মামলায় পুলিশি তালবাহানা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠে। বিশেষ করে উদয়পুরের সাংবাদিক মহল এ ব্যাপারে ওয়াকিবহাল। এছাড়া, বামুটিয়া এলাকার একটি ফেসবুক পেজ মারফত তাঁর ব্যক্তিগত অতীত ইতিহাস টেনে তাকে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুস্মিতা। এতে তাঁর মান-সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি তাঁর। তিনি দাবী করেছেন শুধুমাত্র একতরফা অভিযোগগুলি আনা হচ্ছে এবং এক্ষেত্রে অভিযুক্তদের যোগ সাজস রয়েছে। তিনি বলেছেন যে কোন সংবাদ মাধ্যমের উচিত বাস্তব তথ্য এবং সত্য তুলে ধরা। এটাই হচ্ছে গণমাধ্যমের আসল কর্তব্য কিন্তু এখানে একতরফা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যক্তিগত কুৎসা রটানো হচ্ছে। সমস্ত ঘটনার ন্যায়বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিতা সুস্মিতা সাহা। যদিও তিনি চাইছেন যে তিনি স্বামীর সঙ্গে সংসার করতে কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন গুণধর এই স্বামী ইতিমধ্যেই অন্য এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখেছেন।গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিতা এই গৃহবধূ।
আগরতলার রাস্তায় এক পরিচিত মুখ আজ আর নেই। সাইকেলের ঘণ্টাধ্বনি আর সেই অনন্য ডাক—“পচা আচার”—চিরতরে থেমে গেল জয়ন্ত রায়ের মৃত্যুর সঙ্গে। শনিবার মোহনপুর বাইপাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই পরিশ্রমী ক্ষুদ্র ব্যবসায়ী, যার জীবনসংগ্রাম ছিল অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। বহু বছর ধরে আগরতলা শহর ও আশপাশ এলাকায় নিজের হাতে তৈরি “পচা আচার” বিক্রি করতেন জয়ন্ত রায়। নামটি যতই অদ্ভুত হোক, তার আচারের স্বাদ ছিল মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। প্রতিদিন সাইকেলে চেপে তিনি শহরের অলিগলি ঘুরে বেড়াতেন, আর তার উপস্থিতি যেন এক আলাদা পরিচিতি তৈরি করেছিল শহরের বুকে। জানা যায়, সিধাই মোহনপুরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় তার। এই আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ছাড়াও শোকস্তব্ধ হয়ে পড়েছেন অসংখ্য ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। অভাব-অনটনের মধ্যেও দুই মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করেছেন জয়ন্ত রায়। নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন—ক্ষুদ্র ব্যবসাও হতে পারে সম্মানের পথ। তার সংগ্রামী জীবন, অদম্য ইচ্ছাশক্তি এবং সততা আজও অনেকের কাছে পথ দেখাবে। পশ্চিম ভুবনবন এলাকার আকাশে আজ যেন নেমে এসেছে শোকের ছায়া। এক সাধারণ মানুষ হয়েও অসাধারণ হয়ে ওঠা জয়ন্ত রায়ের এই বিদায় শহরের বুকে রেখে গেল এক অপূরণীয় শূন্যতা।
খোয়াই মহিলা পুলিশের তৎপরতায় প্রায় দুই মাস পর সুদূর গোয়ার পানাজি থেকে উদ্ধার হলো খোয়াই মহকুমার এক নিখোঁজ জনজাতি নাবালিকা। সাব-ইন্সপেক্টর চম্পা দাসের নেতৃত্বে খোয়াই মহিলা থানার একটি দল পানাজিতে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে গত ১৭ আগস্ট খোয়াইয়ে ফিরিয়ে আনে। বর্তমানে সরকারি হোমে রেখে তার যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন খোয়াইয়ের সিপাহিহাওর এলাকার বাসিন্দা ওই জনজাতি নাবালিকা পরিবারের সদস্যদের অজান্তে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন, ৫ জুন, নাবালিকার বাবা-মা খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের কাছে আবেদন জানান। অভিযোগ পাওয়ার পরই খোয়াই মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু নাবালিকার অবস্থান সম্পর্কে দীর্ঘদিন কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। তদন্তে আরও জটিলতা তৈরি হয়, কারণ নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সঙ্গে কোনও মোবাইল ফোন নিয়ে যায়নি বলে জানা যায়। ফলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। প্রায় দুই মাস ধরে বিভিন্ন সূত্রে তদন্ত চালানোর পর অবশেষে গত ১২ আগস্ট গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে পুলিশের। গোপন তথ্যদাতা এবং অন্যান্য সূত্রের মাধ্যমে তদন্তকারী দল জানতে পারে, নিখোঁজ নাবালিকা গোয়ার রাজধানী পানাজিতে রয়েছে। তথ্যটি যাচাই করে নিশ্চিত হওয়ার পর আর দেরি না করে খোয়াই মহিলা থানার একটি দল সাব-ইন্সপেক্টর চম্পা দাসের নেতৃত্বে পানাজির উদ্দেশে রওনা দেয়। পানাজিতে পৌঁছে স্থানীয় সূত্রের সহায়তায় নিখোঁজ নাবালিকার অবস্থান শনাক্ত করেন পুলিশকর্মীরা। এরপর তাকে উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৭ আগস্ট খোয়াইয়ে ফিরিয়ে আনা হয়। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে। বর্তমানে নাবালিকাকে সরকারি হোমে রাখা হয়েছে এবং তার সঙ্গে সম্পর্কিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে পানাজিতে নাবালিকাকে কীভাবে খুঁজে পাওয়া গেল, তার সঙ্গে কারা ছিল কিংবা উদ্ধার অভিযানের বিস্তারিত বিষয় নিয়ে পুলিশ এখনই মুখ খুলতে রাজি হয়নি। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পরই তদন্তের যাবতীয় তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।:::
ফের এক নবজাতকের জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ। মাত্র দু’দিন বয়সী এক শিশুর জন্মগত ডায়াফ্রাম হার্নিয়ার সফল অপারেশন করে নজির গড়লেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকরা। জানা গেছে, মেলাঘরের পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়ের নবজাতক পুত্রের জন্মের আগেই ধরা পড়ে বিরল এই জটিল সমস্যা। শিশুটির পেটের নাড়িভুঁড়ি বাদিকের বুকের অংশে উঠে ফুসফুসের উপর চাপ সৃষ্টি করছিল।সেই অনুসারে গত ১৯শে মে জিবি হাসপাতালে শিশুটির জন্মের পরই তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরদিন সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অনুরুদ্ধ বসাক প্রায় দু’ঘণ্টা ব্যাপী অস্ত্রোপচার করে শিশুটির জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে শুক্রবার ত্রিপুরা মেডিকেল কলেজে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানিয়েছেন ডাঃ অনুরুদ্ধ বসাক।
তেলিয়ামুড়া থানার বহুল আলোচিত ফেন্সিডিল কাণ্ডে চার পুলিশ অফিসার ও কর্মীর গ্রেপ্তার এবং তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ঘিরে রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর নতুন করে উঠে আসছে আরও বড় প্রশ্ন—পুলিশ প্রশাসনের একাংশ কি ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে? কারণ, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন অভিযোগ নয়। মাত্র কিছুদিন আগেই রাজ্যে ব্যাপক চর্চার কেন্দ্রে উঠে এসেছিল পাঁচ কোটি টাকা ক্যাশ উদ্ধারের ঘটনা। অভিযোগ উঠেছিল, এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। গোটা রাজ্যে সেই সময় প্রশ্ন উঠেছিল, সরকারি চাকরিজীবীর সঙ্গে যুক্ত পরিবারে এত বিপুল অর্থ এল কোথা থেকে? যদিও তদন্ত এখনও চলমান, তবে একের পর এক বিতর্কিত ঘটনায় পুলিশের একটি অংশকে ঘিরে জনমনে সন্দেহ ও ক্ষোভ বাড়ছে। এবার তেলিয়ামুড়া থানার ফেন্সিডিল কাণ্ড সেই উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে। আইন রক্ষার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই যখন মাদকচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের আস্থার ভিত নড়ে যাওয়াই স্বাভাবিক। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর অজিত দেববর্মা, এসআই রাজেন্দ্র রিয়াং, ওমেন এসআই শম্পা দাস এবং স্পেশাল ব্রাঞ্চের এএসআই শচীন্দ্র দেববর্মা। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং NDPS আইনে মামলা রুজু হয়েছে। তবে এই পুরো ঘটনার মধ্যে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য—অভিযোগ সামনে আসতেই রাজ্য প্রশাসন এবং পুলিশ সদর দপ্তর যেভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে, তা স্পষ্ট বার্তা দিয়েছে যে দুর্নীতি কিংবা মাদকের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর-এর নির্দেশে ক্রাইম ব্রাঞ্চ দ্রুত তদন্ত শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা বলে আসছেন। সীমান্তবর্তী রাজ্য হিসেবে ত্রিপুরায় মাদক পাচার রোধ করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণে সাম্প্রতিক ঘটনাগুলি সরকারকে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের একাংশের মতে, পুলিশের অধিকাংশ সদস্য এখনও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন। কিন্তু কিছু অসাধু ও ক্ষমতালোভী কর্মীর কর্মকাণ্ড গোটা বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই শুধু গ্রেপ্তার করলেই হবে না, প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা, নিয়মিত নজরদারি এবং কঠোর অভ্যন্তরীণ জবাবদিহিতা। সাধারণ মানুষের প্রত্যাশা, চলমান তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে যাবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারণ পুলিশের উপর মানুষের আস্থা বজায় রাখা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানই এখন সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠেছে।